সিবিএন ডেস্ক:
টেকনাফে পৃথক দুইটি অভিযানে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ইয়াবার পাশাপাশি ১১ হাজার মিয়ানমারের কিয়াত ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, ভোর ৩টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামে দুই মাদককারবারিকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
একই দিন সাবরাং ইউনিয়নের শাহ্ পরীর দ্বীপ এলাকায় অপর একটি অভিযানে নোঙ্গর করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এসময় বোটটির বিভিন্ন গোপন কম্পার্টমেন্ট থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং ১১ হাজার মিয়ানমারের কিয়াত উদ্ধার করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকায় মাদক পাচার রোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
