সিবিএন ডেস্ক;

কক্সবাজার জেলার অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) রেজুখাল চেকপোস্টে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫,৭০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে হামিদ (২৮) নামে একজনকে আটক করা হয়। তার পিতার নাম আব্দুল গফুর, বাড়ি টেকনাফের নোয়াপাড়া ৫ নম্বর ওয়ার্ডে। জিজ্ঞাসাবাদে তিনি পেটে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তার দেহ থেকে পায়ুপথের মাধ্যমে ৩,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

একই সময়ে অপর একটি সিএনজি তল্লাশি করে ফাহিম (২১) নামে আরেকজনকে আটক করা হয়। তার পিতা মৃত আব্দুস সালাম, বাড়ি টেকনাফের মুচুনি শালবাগান (ক্যাম্প A-5)। জিজ্ঞাসাবাদে তিনিও পেটে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তার দেহ থেকে পায়ুপথের মাধ্যমে ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ ছাড়া এ ধরনের অপরাধ সম্পূর্ণভাবে দমন করা সম্ভব নয়।”