এআর আরিফ, সিবিএন;

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঞ্জেখানা ঢালারমুখ আদর্শগ্রাম এলাকায় দুবাই প্রবাসী মো. জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন তাকিব।

গত বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে তাকিবের সঙ্গে তার স্ত্রী রুবায়েত সারমিন মনির ঝগড়া হয়। একপর্যায়ে তাকিব তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

ধারণা করা হচ্ছে, বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় তিনি ঘরের সিলিংয়ের অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহত ইসমত হোসাইন তাকিব চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত মো. মহসিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে রামুর রাজারকুলে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাকিব কিছু ঋণের বোঝায় জর্জরিত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও পারিবারিক অশান্তি লেগে থাকত। ঋণের চাপ সহ্য করতে না পেরে এবং পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।