এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া;

কক্সবাজারের উখিয়ায় ঘূর্ণিঝড়সহ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এনজিওদের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার ৫টি ইউনিয়নের ৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিমকে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উখিয়া থানার তদন্ত ওসি নাছির উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, প্রাণিসম্পদ কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার ও উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার, সিপিপি (CPP) টিম লিডার। এছাড়াও জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের মধ্যে ছিল—আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা। এর মধ্যে উখিয়ার ৫টি ইউনিয়নের ৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে ঘূর্ণিঝড় ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিপিপি (CPP) স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিমকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া দুর্যোগকালীন সময়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে নিতে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা জোরদার করার নির্দেশ দেওয়া হয়।

সমন্বয় সভায় প্রতিটি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দ্রুত সাড়া প্রদানের লক্ষ্যে উখিয়ায় নিয়মিত রেড ক্রিসেন্ট, ওয়ার্ল্ড ভিশন, আইএফআরসি, কোডেকসহ একাধিক এনজিও কাজ করে যাচ্ছে বলে ইউএনও আশ্বস্ত করেন।