সিবিএন ডেস্ক;
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডসহ সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, সকল নাগরিক সমৃদ্ধ হলে দেশ ও জাতিও সমৃদ্ধ হবে—বাংলাদেশকে আর অনুন্নত রাষ্ট্র হিসেবে থাকতে হবে না, এটিই সরকারের লক্ষ্য।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে টেকনাফ-এ কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ এবং কৃষকরাই এ দেশের মেরুদণ্ড। কৃষক শক্তিশালী হলে অর্থনীতি ও জাতির ভিত্তিও শক্তিশালী হবে। এ চিন্তা থেকেই কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে টেকনাফের স্থানীয় কৃষক রুহুল আমিনের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এদিন মোট ১ হাজার ৬৯৮ জন কৃষক-কৃষাণীর মধ্যে কার্ড বিতরণ করা হয়।
কক্সবাজার-এর টেকনাফের এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
উল্লেখ্য, বাংলা নববর্ষের প্রথম দিনে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
