আবুল কাশেম, রামু:

কক্সবাজারের রামুতে এক উপজাতীয় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফতেখারকুল ইউনিয়নের শ্রীধনপাড়া এলাকার সাধন বড়ুয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সনিত্যা দেবী চাকমা (মায়া) (১৫) উখিয়া উপজেলার ফালংখালী ইউনিয়নের তেলকুলা ৬ নম্বর ওয়ার্ড এলাকার কেউসিং চাকমার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীধনপাড়ার বাসিন্দা সাধন বড়ুয়ার তিনতলা ভবনের রান্নাঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল মায়া। রান্নাঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে পুলিশ।

রামু থানার উপপরিদর্শক (এসআই) নিক্সন চৌধুরী ও এএসআই জাহেদ জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, মায়া প্রায় দুই বছর ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করছিলেন। হঠাৎ করে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

নিহতের বাবা কেউসিং চাকমা ও মায়ের অভিযোগ, তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। তারা জানান, মায়ার নিজস্ব কোনো মোবাইল ফোন ছিল না এবং গৃহকর্তার বাসার নম্বরে ফোন করলে মেয়ের সঙ্গে কথা বলতে দেওয়া হতো না। ঘটনার দিনও মেয়ের সঙ্গে কথা বলার জন্য বহুবার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেনি। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

গৃহকর্তা সাধন বড়ুয়ার স্ত্রী জানান, সামনে তাদের বড় ছেলের বিয়ে থাকায় বিয়ের আনুষঙ্গিক কাজ নিয়ে তারা বাড়িতে ছিলেন না। এ অবস্থায় মেয়েটি কেন আত্মহত্যা করেছে, তা তারা জানেন না।

এ বিষয়ে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।