সিবিএন ডেস্ক;

মাদরাসায় যাওয়ার পথে পথ হারানো শিশু মিম আক্তার (৬)-কে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ। মিম আক্তার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আজিজুল হকের কন্যা এবং স্থানীয় মানারুল হিদায়া মহিলা হেফজখানার ছাত্রী।

জানা গেছে, রবিবার (১২ এপ্রিল) সকালে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথ হারিয়ে ফেলে মিম। পরে ঈদগাঁও বাস স্টেশন এলাকার পুলিশ বক্সের সামনে তাকে ঘোরাফেরা করতে দেখে ট্রাফিক পুলিশ বিষয়টি থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে থানার এসআই মো. আজিমুল হক ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে তার পরিবারের সদস্যদের খোঁজ বের করে একইদিন দুপুরে শিশুটিকে তার বড় বোন নিশাত মনি লিজার কাছে হস্তান্তর করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, শিশুটিকে উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছিল এবং পরে নারী ও শিশু হেল্প ডেস্কের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।