সিবিএন ডেস্ক:

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে মাথা ও হাতের কবজিবিহীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল প্রায় ৪টার দিকে দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়াবাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকাবাসী পুকুরপাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত না হলেও, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে জানা যায় নিহত নারীর নাম সাদিয়া আক্তার মুন্নি (২৮)। তিনি মহেশখালী উপজেলার জাগিরা ঘোনা এলাকার আমানউল্লাহ ও হাসিনা বেগমের মেয়ে। তার স্বামী সাইফুল রহমান।

স্থানীয়দের দাবি, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে সাদিয়া আক্তার মুন্নি তার স্বামী সাইফুল রহমানকে নিয়ে দক্ষিণ জানারঘোনা এলাকার আয়ুব নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া বাসায় ওঠেন। তবে প্রায় ১৫ দিন ধরে তাদের কাউকেই এলাকায় দেখা যাচ্ছিল না। সাইফুল রহমান নিজেকে গাড়িচালক হিসেবে পরিচয় দিতেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, মরদেহটি একটি কম্বলে মোড়ানো অবস্থায় ছিল এবং তা অর্ধগলিত ছিল। এছাড়া মরদেহের মাথা ও হাতের কবজি বিচ্ছিন্ন পাওয়া গেছে, যা ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক করে তুলেছে।

তিনি আরও জানান, এখনো নিহত নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।