চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা থেকে পাঁচ লাখ পিস ইয়াবাসহ নয়জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে চান্দগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং বোটযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামে আনা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ এপ্রিল) রাতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে সৈয়দ আলম, সুলতান আহম্মদ, মো. কাসিম, শাহ আলম, আজম উল্লাহ ও ছানাউল্লাহসহ মোট নয়জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা বলে জানায় র্যাব।
পরবর্তীতে ফিশিং বোটটি তল্লাশি করে ইঞ্জিন রুমে লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বিশেষ কৌশলে সংরক্ষিত পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে ফিশিং বোট (ট্রলার)যোগে চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।
