পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার অন্যতম প্রাচীন ও সুপরিচিত সামাজিক সংগঠন “পূর্ব মেহেরনামা বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থা”-এর উদ্যোগে আয়োজিত “মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫”-এর পুরস্কার বিতরণ, সনদপত্র প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গতকাল (১০ এপ্রিল) বিকাল ৪টায় মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানটি একদিকে যেমন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত করেছে, অন্যদিকে এলাকার শিক্ষানুরাগী, অভিভাবক ও গুণীজনদের মিলনমেলায় পরিণত হয়। বিশেষ করে চলতি বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন অনুষ্ঠানটিকে বাড়তি মাত্রা দেয়।
জানা যায়, গ্রামীণ জনপদের শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মহি উদ্দিন কোম্পানি। তিনি বলেন, “গ্রামীণ পর্যায়ে এমন উদ্যোগই পারে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে। মেধাবীদের যথাযথ মূল্যায়ন করলে দেশ ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ পাবে।”
প্রধান আলোচক চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন (এম.এ) শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি কারা অধিদপ্তরের ডেপুটি জেলার মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, “বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষা ও নৈতিক দীক্ষার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম, সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসীন, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহছান উল্লাহ, গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি সাহেদুল ইসলাম এবং চট্টগ্রামের এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন এইচ.এম. ওসমান সরওয়ার।
এছাড়া সংস্থার উপদেষ্টা ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মাষ্টার কবির আহমেদ, সাবেক সভাপতি মাওলানা ইমতিয়াজ উদ্দিন এবং সহ-সভাপতি আবু তৈয়ব বক্তব্যে সংগঠনের অতীত কার্যক্রম, বৃত্তি পরীক্ষার ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সংস্থার সহ-সভাপতি মাষ্টার আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক মাওলানা মিজানুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন সংস্থার সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার শাহাদত হোছাইন। সভাপতিত্ব করেন এডভোকেট ফিরোজ আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আলী হাসান চৌধুরী। এ সময় বৃত্তি পরীক্ষার সাবেক পরীক্ষার নিয়ন্ত্রক, সংগঠনের প্রতিষ্ঠাতা, কার্যকরী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে এলাকার শিক্ষার মানোন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ়করণ এবং সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝেও ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি লক্ষ্য করা যায়।
শেষে উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতির মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামীণ জনপদে শিক্ষার প্রসার, মেধা বিকাশ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
