সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ ঘটনায় খামার মালিক নুরুল হোসাইন (৩২)-এর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার গোপন তথ্যের ভিত্তিতে খামারটিতে অভিযান চালানো হয়। এ সময় খামারের ভেতরের একটি ছোট কক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা দুটি বস্তা পাওয়া যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে ৫০টি প্যাকেটে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
