পেকুয়া প্রতিনিধি: 

পেকুয়া উপজেলায় কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-২১২৯) এর অধীন নবগঠিত পেকুয়া উপজেলা রোড পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার মগনামা লঞ্চঘাটস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন নাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছুরত আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. দিদারুল করিম।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পেকুয়া অঞ্চলের সাধারণ পরিবহন শ্রমিকরা নানা ধরনের অনিয়ম, শোষণ ও হয়রানির শিকার হয়ে আসছেন। একটি প্রভাবশালী সিন্ডিকেট সড়ক পরিবহন খাতে আধিপত্য বিস্তার করে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা অবৈধভাবে চাঁদা আদায়ের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে এবং শ্রমিক কল্যাণের নামে সংগৃহীত অর্থেরও যথাযথ হিসাব প্রদান করা হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, অতীতে নেতৃত্বের সংকট এবং সংগঠনের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু বহিরাগত গোষ্ঠী এ অঞ্চলে আধিপত্য বিস্তার করে শ্রমিকদের উপর প্রভাব খাটিয়েছে। ফলে সাধারণ শ্রমিকরা নীরবে এসব অন্যায় সহ্য করতে বাধ্য হন। এই প্রেক্ষাপটে দীর্ঘ প্রচেষ্টা, ঐক্য এবং তৃণমূল শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

প্রধান অতিথি এম. দিদারুল করিম তার বক্তব্যে বলেন, “একটি শক্তিশালী ও সুশৃঙ্খল শ্রমিক সংগঠন গড়ে উঠলে শুধু শ্রমিকদের অধিকারই সুরক্ষিত হবে না, বরং সড়ক পরিবহন খাতেও শৃঙ্খলা ফিরে আসবে। এজন্য সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদের সমন্বয়ক শাহাদাত হোছাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনাফ, যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মনজুর আলম, সাংগঠনিক সম্পাদক মো. দুলাল আহমদ, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক নুরুল মোস্তাফা, নির্বাহী সদস্য মো. ওসমান গনি ও হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, নতুন কমিটি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, চাঁদাবাজি বন্ধ করা, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কাজ করবে। তারা অবৈধ কমিটি ও চাঁদাবাজ চক্রের সকল কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সভা শেষে সম্প্রতি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করা পরিবহন শ্রমিক শওকত ওসমান (বাবুল ড্রাইভার)-এর পরিবারের সদস্যদের হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ২৬ মার্চ কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহাজাহান এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলমের স্বাক্ষরে ১৩ সদস্যবিশিষ্ট পেকুয়া উপজেলা রোড পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। নবগঠিত এই কমিটি স্থানীয় পরিবহন শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।