সিবিএন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে দক্ষিণ কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভ সংলগ্ন হোছনী খালের একটি কালভার্টের নিচে মরদেহটি পাওয়া যায়।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে স্থানীয়রা কালভার্টের নিচে সন্দেহজনক কয়েকটি বস্তা দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো খুলে অজ্ঞাত এক ব্যক্তির দেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। মোট ছয়টি বস্তায় এসব দেহাংশ পাওয়া যায়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দুর্জয় বিশ্বাস জানান, উদ্ধার হওয়া দেহাংশ একজন পুরুষের। এগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি এবং নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—হত্যার পর মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়েছে, যাতে পরিচয় গোপন থাকে। ঘটনাটি পরিকল্পিত হতে পারে।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।