পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়ায় মডেল কেজি স্কুল–সুতাবেপারী পাড়া সংযোগ সড়কটি দীর্ঘ এক যুগ ধরে সংস্কার না হওয়ায় ভয়াবহ দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

ইট উঠে গিয়ে পুরো সড়কটি এখন কাঁদামাটি আর গর্তে ভরা। যানবাহন চলাচল প্রায় বন্ধ, পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

এই সড়ক দিয়ে সুতাবেপারী পাড়া, আন্নর আলী মাতবর পাড়া, সাবেক গুলদি চর পাড়া এবং পার্শ্ববর্তী এলাকার হাজারো মানুষ উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত করেন। প্রতিদিন শত শত শিক্ষার্থীও এ সড়ক ব্যবহার করে।

ব্যবসায়ী মো. রাসেল ও আনোয়ার অভিযোগ করে বলেন, “এখন আর হেঁটেও যাওয়া যায় না। বড় বড় পিকআপ ও ডাম্পারের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বর্ষায় চলাচল একেবারেই বন্ধ হয়ে যাবে।”

শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের শিক্ষার্থী রিয়া বলেন, “বৃষ্টিতে কাদা–পানিতে হাঁটা অসম্ভব হয়ে যায়। অনেক সময় পিচলে পড়ে আহত হই।”

অটোরিকশা চালক মানিক বলেন, “এই রাস্তায় গাড়ি চালানো প্রায় অসম্ভব। যাত্রীও পাওয়া যায় না।”

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।