পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় অটো রিক্সা (ব্যাটারিচালিত) শ্রমিকদের সংগঠিত কার্যক্রম জোরদার, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে অটো রিক্সা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড (রেজি. নং-১৮৪৭/১)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় পেকুয়া চৌমুহনীস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. সফওয়ানুল করিম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পেকুয়া উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশীদ।
সমিতির সদস্য সওকত হোছাইনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, শাহাবুদ্দীন, মো. কাইছার, নুরুল আবছার, মোসলেম উদ্দিন ও মো. বাচ্চু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পেকুয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিক্সা একটি গুরুত্বপূর্ণ গণপরিবহন মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। তবে অনিয়ন্ত্রিত ভাড়া, যানজট, সড়ক দুর্ঘটনা এবং নিবন্ধনবিহীন যান চলাচলের মতো নানা সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা সমাধানে সমবায় ভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সভায় উপস্থিত সদস্যরা সড়কে নতুন করে যৌক্তিক ভাড়া নির্ধারণ, নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চালকদের পাশে দাঁড়াতে একটি সহায়তা তহবিল গঠন এবং সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং যাত্রীসেবার মান উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করলে পেকুয়ার পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তারা নিয়মিত সভা ও প্রশিক্ষণের মাধ্যমে চালকদের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।
সভা শেষে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
