আব্দুস সালাম,টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় মাছবোঝাই একটি মিনি পিকআপে অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছবোঝাই মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় মাছের ড্রামের ভেতরে লুকিয়ে রাখা কালো ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো ২০টি পোটলা উদ্ধার করা হয়। পরে গণনা করে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতাররা হলেন— টেকনাফ থানার নতুন পল্লানপাড়া এলাকার মৃত মন্তাজের ছেলে মো. ফিরোজ (৩৫) এবং নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. ফয়সাল (২০)। তাদের ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়েছে।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, ইয়াবাগুলো টেকনাফের লামা বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

তিনি আরও জানান, মাদকের মূল সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় প্রক্রিয়া চলমান রয়েছে।