সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় পুকুরে গোসল করতে নেমে সামিয়া নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিহত সামিয়া কালালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় সকালে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল সামিয়া। খেলাধুলা শেষে সে কালালিয়াকাটা মাদ্রাসাসংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর দ্রুত তাকে মহেশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হাসপাতালে নেওয়ার আগেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
নিহতের এমন অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার মানুষ তার বাড়িতে ভিড় জমান। পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুদের এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। বিশেষ করে জলাশয়ের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদারের আশ্বাস দিয়েছে।
