নিজস্ব প্রতিবেদক;
কক্সবাজার জেলার পুরোহিতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দিরের শ্রী বিভূতিভূষণ সেন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট দীপ্ত সাহা।
আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম এবং কক্সবাজার জেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক সনজিত চক্রবর্তী।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) রুমা দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সুকুমার দাশ।
এবারের প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫ জন পুরোহিত অংশগ্রহণ করছেন।
