এম. এ. আজিজ রাসেল
কক্সবাজার শহরে নকল বিদেশি মদ তৈরির একটি কারখানার সন্ধান মিলেছে। রোববার (০৫ এপ্রিল) ভোরে পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় এই অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল সরঞ্জামসহ মোহন সেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সুচিয়া শ্মশান খালিবাড়ি এলাকার কার্তিক সেনের ছেলে।
পুলিশ জানায়, রোববার ভোরে পশ্চিম নতুন বাহারছড়া স্ক্র্যাপ গলির জনৈক হাকিম মিয়ার মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় মোহন সেনের ভাড়া ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়। অভিযানে ১১০ বোতল নকল বিদেশি মদ, ৭৬টি বিদেশি মদের খালি বোতল, ১টি ক্যাপ সিলিং মেশিন, ১টি সিলার মেশিন, ১টি হিট গান, ৫টি সাদা জেরি ক্যান ভর্তি ১৬.৫ লিটার কেমিক্যালজাতীয় পদার্থ, বিদেশি মদের বোতলের ৭২৫টি কর্ক, ৭৮০টি নকল বিদেশি মদের স্টিকার, ৮ ফর্দ বারকোড স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সিল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন বলেন, গ্রেপ্তার মোহন সেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
