স্টাফ রিপোর্টার, পেকুয়া;

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং রিজার্ভ এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নির্মিত দুটি পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ।

শুক্রবার বেলা ১১টার দিকে বারবাকিয়া রেঞ্জের অধীন টৈটং বিটে নবাগত বিট কর্মকর্তা মোতালিব আল মুবিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ হওয়া স্থাপনা দুটি কেরুণছড়া এলাকার প্রবাসী আবদুর রহিম ও মোস্তাকের বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, পূর্বের বিট কর্মকর্তা মো. এহেসানের দায়িত্বকালীন সময়ে দালাল অলি আহমদের মাধ্যমে পাহাড় কাটা, অর্থের বিনিময়ে দালান নির্মাণের অনুমতি প্রদান, বনভূমির গাছ নিধন ও বালু উত্তোলনের মতো বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়ে আসছিল। এসব বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষ তাকে শাস্তিমূলকভাবে বদলি করে।

সূত্র আরও জানায়, বদলির আগে দালাল অলি আহমদের মাধ্যমে আবদুর রহিম ও মোস্তাককে অর্থের বিনিময়ে পাকা ঘর নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। নতুন বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন যোগদানের পর বিষয়টি জানতে পেরে সংরক্ষিত ভূমি রক্ষায় তাৎক্ষণিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন বলেন, সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে দালান নির্মাণের খবর পেয়ে অভিযান চালিয়ে স্থাপনা দুটি ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।