সিবিএন ডেস্ক ;
কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় দুজন এবং টেকনাফের মেরিন ড্রাইভে এক বৃদ্ধ নিহত হন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন— শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮), বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারী মহেশখালী উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।
স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, দুপুর ১টার দিকে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীও ছিটকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের চাপা দেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।
এদিকে একই দিন সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে টেকনাফগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামে এক বৃদ্ধ নিহত হন বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।
তিনি জানান, কক্সবাজারে বেড়াতে আসা দুই পর্যটক মোটরসাইকেল ভাড়া নিয়ে টেকনাফ যাচ্ছিলেন। পথে সড়ক পার হওয়ার সময় ওই বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও যানবাহনটি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
