এম. মনছুর আলম, চকরিয়া;
কক্সবাজারের চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া (৮) এবং সওদাগরঘোনা চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফা জান্নাত (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ডুলাহাজারা থেকে বকেয়া তার নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে বকেয়া ও তার মামাতো বোন হুজাইফা জান্নাতসহ কয়েকজন শিশু পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় বকেয়া ও হুজাইফা পানিতে ডুবে যায়।
বিষয়টি টের পেয়ে অন্যরা বাড়িতে খবর দিলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
