প্রথম পুরস্কার মোটরসাইকেল পেলেন কাঠ ব্যবসায়ী মোহাম্মদ আজমগীর

ঈদ উপলক্ষে পেকুয়ার এসডি সিটি সেন্টারে লাকী কুপনের জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণ

প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬ ০৬:৪০ , আপডেট: ৩১ মার্চ, ২০২৬ ০৬:৪০

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


পেকুয়া প্রতিনিধি;

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের উৎসাহিত করতে কক্সবাজারের পেকুয়ার বৃহৎ বিপণিবিতান এসডি সিটি সেন্টার-এ আয়োজন করা হয় লাকী কুপনের আকর্ষণীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে ক্রেতা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো শপিংমল প্রাঙ্গণ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় শপিংমলের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানে মোট ৫০০ জন সৌভাগ্যবান ক্রেতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল জিতে নেন পেকুয়া বাজারের কাঠ ব্যবসায়ী মোহাম্মদ আজমগীর।

অন্যান্য বিজয়ীদের মধ্যে দ্বিতীয় পুরস্কার (ফ্রিজ) লাভ করেন চকরিয়ার রিদুয়ান, তৃতীয় পুরস্কার (ওয়াশিং মেশিন) পান কুতুবদিয়ার তামজিদ, চতুর্থ পুরস্কার (৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন) পান রাজাখালীর হালিমা বেগম, পঞ্চম পুরস্কার (স্মার্টফোন) পান বাঁশখালীর তুহিন এবং ষষ্ঠ পুরস্কার (মাইক্রোওভেন) পান পেকুয়ার আজিজ। এছাড়া সপ্তম পুরস্কার (ডিনার সেট) পান উজানটিয়ার আবুল হাশেম, নবম পুরস্কার (রাইস কুকার) পান বাঁশখালীর ইলিয়াস এবং দশম পুরস্কার (টেবিল ফ্যান) লাভ করেন ফাঁশিখালীর আব্দুর রহিম। অষ্টম পুরস্কারপ্রাপ্ত বিজয়ীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তার নাম ঠিকানা জানা যায় নাই বলে জানান আয়োজকরা। অবশিষ্ট আরও ৪৯০ জন ক্রেতার মাঝেও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডি সিটি সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ সরওয়ার উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আনছারী, এসডি সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আসহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পেকুয়া থানার এসআই সাজ্জাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ ক্রেতাদের মধ্যে কেনাকাটার আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সাংবাদিক এফ.এম. সুমন ও সোহেল আজিমের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রেতা, স্থানীয় ব্যবসায়ী, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।