পেকুয়া প্রতিনিধি;

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পেকুয়া উপজেলার মইয়্যাদিয়া স্টেশন থেকে গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণের কাজ পুনরায় শুরু হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও এলাকাবাসীর ধারাবাহিক অভিযোগের পর প্রকৌশল বিভাগ দ্রুত উদ্যোগ নেয়। ফলে কয়েক মাসের ভোগান্তির পর আবারও নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানান, প্রায় পাঁচ মাস আগে মাটি কাটা ও কিছু প্রাথমিক কাজের পর ‘লিপি এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। এতে সড়কটি অচল হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ, গর্ভবতী নারী ও বয়স্কদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। যান চলাচল বন্ধ থাকায় পুরো এলাকাজুড়ে চরম ভোগান্তি তৈরি হয়।

সংবাদ প্রকাশের পর শনিবার সকাল থেকে শ্রমিক ও নির্মাণসামগ্রী নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আবার কাজে ফেরে। সড়কের অসমাপ্ত অংশ পরিষ্কার, বালি ভরাট ও আরসিসি ঢালাইয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত দেখা যায় শ্রমিকদের। সরেজমিনে দেখা গেছে, মইয়্যাদিয়া স্টেশনমুখ থেকে বালি ফেলা শুরু হয়েছে এবং খননকৃত গর্তে শ্রমিকরা বালি দিয়ে ভরাট করছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের এক দায়িত্বশীল ব্যক্তি জানান, দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং এবার আর দেরি হবে না।

এলাকাবাসী বলেন, “সংবাদ প্রকাশ না হলে কেউই আমাদের কষ্ট বুঝত না। এখন কাজ শুরু হওয়ায় সত্যিই স্বস্তি পেয়েছি। আশা করি, আর কাজ বন্ধ হবে না।”

সমাজসর্দার মাহামুদুল করিম বলেন, সাংবাদিকদের প্রচেষ্টায় বন্ধ হয়ে থাকা কাজটি পুনরায় শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি কাজটি টেকসইভাবে সম্পন্ন করার জন্য ঠিকাদার ও প্রকৌশল বিভাগের প্রতি অনুরোধ জানান।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ বলেন, এলাকাবাসীর কষ্টের কথা জানার পরই তিনি প্রকৌশল দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। এখন কাজ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন, কয়েক দিনের মধ্যেই মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।