পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় দীর্ঘদিনের দাবি-দাওয়ার পর অবশেষে সোনালী ব্যাংক পিএলসি–এর একটি পূর্ণাঙ্গ শাখা স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোনের জোনাল ম্যানেজার মো. মিজানুর রহমান। তার স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে পেকুয়ায় নতুন শাখা খোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধ এবং স্থানীয় অর্থনৈতিক-সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে শাখা খোলার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে পেকুয়ার চৌমুহনী এলাকায় শাখার জন্য ঘর ভাড়ার চুক্তি সম্পন্ন হয়েছে। অফিস সাজানোসহ প্রয়োজনীয় কাজ শেষ হলে শাখাটি আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করবে। এ কাজে স্থানীয় প্রশাসনের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র জানায়, পেকুয়া উপজেলা প্রতিষ্ঠার পর একসময় সোনালী ব্যাংকের শাখা স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক পরিবর্তন ও প্রশাসনিক জটিলতায় বিষয়টি দীর্ঘদিন আটকে ছিল। বহু আবেদন, দাবি-দাওয়া ও আলোচনার পরও গত দুই দশকে উদ্যোগটি বাস্তবায়িত হয়নি। বর্তমানে এ প্রক্রিয়া আবারও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয়দের মতে, সোনালী ব্যাংকের শাখা চালু হলে সরকারি ভাতা, অনুদান ও বিভিন্ন প্রকল্পের লেনদেন আরও সহজ হবে। ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে। পাশাপাশি সাধারণ মানুষ নিকটেই সরকারি ব্যাংকিং সেবা পেয়ে উপকৃত হবেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পেকুয়ার বাসিন্দারা।