হ্যাপী করিম, মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় ফরহাদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালারমারছড়ার মিজ্জিরপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়া গ্রামের নুরুল হাসেমের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, চকরিয়া থেকে টমটমযোগে তরমুজ নিয়ে বাড়ি ফেরার পথে কালারমারছড়া এলাকার মিজ্জিরপাড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টমটমের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ফরহাদ। স্থানীয়রা তাকে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সুলতান জানান, ঘটনার বিষয়ে তদন্ত করে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ মাত্র পাঁচ বছর বয়সে মাকে হারান। বর্তমানে তার বাবা কর্মক্ষম নন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। ফরহাদ বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার সকাল ১০টায় দক্ষিণ খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
