চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের দুই দিন পর পারভেজ হোসেন (১৭) নামের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নুরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহকাটা এলাকার একটি পাহাড়ি এলাকা থেকে পারভেজকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ মার্চ রাত আনুমানিক দুইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ে ফিরছিল পারভেজ। পথে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার আজিজনগর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা পারভেজের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর পারভেজের পরিবার চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে। প্রযুক্তিগত তথ্য–উপাত্তের সহায়তায় কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

টানা প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ ছগিরশাহকাটা এলাকার একটি গহিন পাহাড়ি এলাকা থেকে অপহরণে জড়িত সন্দেহে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত আমির সুলতানের ছেলে। পরে গ্রেপ্তার হওয়া নুরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোর পারভেজকে উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।