মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফরহাদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়া গ্রামের নুরুল হাসেমের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ফরহাদকে দ্রুত মহেশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ পাঁচ বছর বয়সে মাকে হারান। বর্তমানে তার বাবা অসুস্থ ও কর্মক্ষম নন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ফরহাদ। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মহেশখালী হাসপাতালে তার মরদেহ দেখতে গিয়ে স্বজন ও প্রতিবেশীরা শোকে স্তব্ধ হয়ে পড়েন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
