উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় পর্নোগ্রাফি আইনের মামলায় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন উখিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন।
কারাগারে পাঠানো ওই নেতার নাম সাইদুল আরেফিন মিরাজ (২৮)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে মিরাজ তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে প্রতারণামূলকভাবে বিয়ে করে তার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করেন এবং সেই সময়ের ভিডিও মোবাইলে ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ওই নারী পর্নোগ্রাফি আইনে আদালতে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী নারী বলেন, “১৮ দিন ধরে মিথ্যা প্রলোভন দেখিয়ে আমাকে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়েছিল। প্রতারণার মাধ্যমে আমার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে। আমি ন্যায়বিচার চাই।”
মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই করে পরবর্তীতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।
