নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাট এলাকায় বিশেষ অভিযানে দুইটি দেশীয় তৈরি এলজি (পিস্তল) ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ মার্চ) বিকেলে কক্সবাজার সদর মডেল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি মোহাম্মদ ওমর ফারুক (৩৬)। তিনি বালুখালী ক্যাম্প-৮২-এর বাসিন্দা বলে জানা গেছে।

ওসি মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌফলদণ্ডী এলাকায় দুপুরে অভিযান চালানো হয়। তথ্য পাওয়া যায়, ওই এলাকায় একটি অস্ত্রের চালান পৌঁছাতে পারে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাটে অবস্থান নেয়।

তিনি আরও জানান, দুপুর ২টা থেকে মহেশখালী ১ নম্বর ঘাট থেকে আসা ড্রাম বোটের যাত্রীদের তল্লাশি করা হয়। বিকেল ৩টার দিকে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ ওমর ফারুককে তল্লাশি করলে তার কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

অভিযানে ওসির সঙ্গে এসআই (নিঃ) সাগর দে, এসআই জয়নাল আবেদীন, এএসআই জয়দেব বড়ুয়া, এএসআই দিপন দেবনাথ ও এএসআই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।