কক্সবাজার, ১ মার্চ: কক্সবাজার-০৩ (সদর, রামু-ঈদগাঁও) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, সরকারিভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমী মাদ্রাসা শিক্ষাধারায় শিক্ষিত আলেমদের অগ্রাধিকার দেওয়া হবে।

রোববার (১১ রমযান) বিকাল ৫টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত “মাহে রমযানের তাৎপর্য ও শিক্ষা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদস্থ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে।

এমপি কাজল বলেন, ইসলামী মূল্যবোধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কওমী ওলামায়ে কেরামের ঐতিহাসিক অবদান অনস্বীকার্য। দীর্ঘদিন তাঁরা যথাযথ স্বীকৃতি পাননি; বরং বৈষম্য ও অবজ্ঞার শিকার হয়েছেন। সরকার সেই অবদানের স্বীকৃতি দিতে বদ্ধপরিকর। ইতোমধ্যে ইমাম-খতীব ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জাতীয়বাদী দল জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। একটি স্বনির্ভর, নিরাপদ ও আলোকিত বাংলাদেশ গড়তে ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনার শুরুতে শাপলা চত্বরের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এমপি কাজল বলেন, মাহে রমযান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করেই শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। কক্সবাজারকে নিরাপদ ও সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তুলতে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কক্সবাজার জেলা হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক ও রামুর জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ড. হারুন আজিজী নদভী, ড. শাকের আলম, মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম সাদেক, এবি পার্টির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক, জেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, এবি পার্টি কক্সবাজার জেলা সভাপতি এড. এনামুল হক শিকদার, জাতীয়তাবাদী ওলামা দল কক্সবাজার জেলা সভাপতি আলী হাচ্ছান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মুহাম্মদ তলহা ও বিএনপি নেতা রাশেদ মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা, রাজনীতিক ও সুধীজন।

ইফতার মাহফিলে বক্তারা আন্তর্জাতিক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মুসলিম বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন।

মাহফিল শেষে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ আব্দুল হক।