সিবিএন ডেস্ক:

বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রশাসনের ভেতরে যারা গোপনে ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতাকে প্রশ্রয় দিচ্ছেন, সরকার তাদের চিহ্নিত করবে। তিনি আক্ষেপ করে বলেন, দেশে এখনো একটি মহল ‘মব’ সংস্কৃতিকে উসকে দিতে চায়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে যেন কোনো ভুল-বোঝাবুঝি না থাকে সে বিষয়ে সতর্ক করেন। জনকল্যাণে কাজ করতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা ও সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে যেন তাদের বিরুদ্ধেই কোনো আন্দোলন গড়ে না ওঠে—সেজন্য প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনা মেনে চলতে হবে।

চলতি ফেব্রুয়ারির মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু হবে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের ৪ কোটি ১০ লাখ পরিবার এই কার্ড পাবে। নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব দূরীকরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাংবাদিকতার যেকোনো সমস্যা তার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া উচিত। এ ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ তিনি চান না। তার ভাষ্য, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা; এর বাইরে প্রশাসনিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।

গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ওয়েজ বোর্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সময়োপযোগী করতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।