সিবিএন ডেস্ক

জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাছে ৪ দাবি রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

তারা নির্বাচনে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার, নির্বাচনে বিএনসিসি নিয়োগসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

দাবিগুলো তুলে ধরে তারা বলেন, আমরা দাবি জানিয়েছি, ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ভোটার ও সংশ্লিষ্টদের যৌক্তিক মোবাইল ব্যবহার নিশ্চিত করতে হবে।

আমাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন, এটি বাতিল করা হবে। খুব দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন আসবে।তিনি বলেন, আমাদের দ্বিতীয় দাবি ছিল ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন না করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। কারণ তারা খুবই সুসংগঠিত একটি বাহিনী এবং ডাকসু নির্বাচনের সময়ও তারা অত্যন্ত পেশাদার ভূমিকা পালন করেছে।

সাদিক কায়েম বলেন, আমাদের তৃতীয় দাবি ছিল সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করা। আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন এলাকায় প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। নারীদের ওপরও হামলা হচ্ছে।

তিনি বলেন, আমাদের চতুর্থ দাবি ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আমরা চাই। আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র জয়ী হোক।