নিজস্ব প্রতিবেদক :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান-১ ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ জালাল। তিনি উক্ত ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (৫ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান সাক্ষরিত এক অফিস আদেশে শাহ জালালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।
ছাত্র প্রতিনিধিরা বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেঈমানী করে একজন স্বৈরাচারের দোসরকে চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দিয়েছে প্রশাসন। যা নিয়ে ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনতিবিলম্বে এ আদেশ প্রত্যাহার করা হোক।
স্থানীয়রা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগের প্রভাব কাটিয়ে ইউপি সদস্য হয়েছিলেন, পরে ক্ষমতার জোরে ভাগিয়ে নেন প্যানেল চেয়ারম্যান, এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, বিষয়টি আমি সবেমাত্র জেনেছি, তদন্ত পূর্বক তার চেয়ারম্যান পদ বাতিল করা হবে।
