উড়ো চিঠি পাঠিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে চিঠিটি পেয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক এই সংসদ সদস্য। খামের ভেতরে চিঠির সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরোও পাঠানো হয়েছে।

চিঠিতে তারিখ দেওয়া আছে ২৩-১২-২৫। প্রেরক হিসেবে কথিত ব্যাটালিয়ন-৭১ -এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের নাম উল্লেখ করা হয়। চিঠিতে লেখা হয়, জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।

চিঠিতে আরও বলা হয়, অন্যথায় পরিণতি শরীফ ওসমান হাদীর মতো হবে। এতে উল্লেখ করা হয়, আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে অবগত হয়ে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ফোন করেছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান।

শাহজাহান চৌধুরী বলেন, দলের প্রধান তারেক রহমান খোঁজ নিয়েছেন। তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, বাকিটা আল্লাহ সহায়।