নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিভিন্ন ধরনের ওষুধসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ৬ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। তারা বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধভাবে ওষুধ পাচারের পরিকল্পনা করছিলেন।
পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির মালিক ও বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা ও ওষুধ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
