ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী-সমর্থকসহ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
মোনামীর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ওই পোস্ট ও পরবর্তী আলোচনায় তাকেও হয়রানির তালিকায় রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি জানান, বিষয়টি জানতে পেরে একজন শিক্ষার্থীর কাছ থেকে সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য নিয়েছেন এবং অভিযোগের বিষয়ে নিজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মোনামীর দাবি, এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অনবরত ট্যাগ করে বিভিন্ন ধরনের মন্তব্য ও টিপ্পনী করা হচ্ছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জড়িত বলে অভিযোগ করেন তিনি।
নিজের পোস্টে মোনামী আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য এবং অতীতে শিবিরকে ভালো বলার কারণে তাকে নতুন করে হয়রানির লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে তিনি মনে করেন। একজন নারীকে হয়রানি করতে একটি বিষয়কে কেন্দ্র করে সরাসরি বা পরোক্ষভাবে তাকে আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষকতা পেশা নিয়েও হতাশা প্রকাশ করেন মোনামী। তিনি লেখেন, কখনো কখনো তার মনে হয়, এই চাকরি ও উপার্জনের প্রয়োজন না থাকলে এমন শিক্ষার্থীদের পড়ানো চালিয়ে যেতেন না। ভবিষ্যতে চাকরি পরিবর্তনের ইচ্ছার কথাও জানান তিনি।
তবে মোনামীর অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
