জসিম উদ্দিন টিপু, টেকনাফ :
কক্সবাজার জেলার ৯টি থানার মধ্যে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবারও শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন। আগস্ট মাসের কর্মমূল্যায়নে তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এর আগে জুলাই মাসেও টেকনাফ মডেল থানার ওসি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।
ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও মানব পাচারকারী আটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম আনুষ্ঠানিকভাবে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের হাতে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা তুলে দেন।
থানা হিসেবে জেলার শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়ায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। সম্মাননা গ্রহণের পর তিনি টেকনাফ মডেল থানায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। পাশাপাশি জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন ওসি মো. সাইফুল ইসলাম। একই সঙ্গে মাদক ও মানব পাচার রোধসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
