মো. আরাফাত সানি, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ মধ্য দমদমিয়া পাড়া সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশি সার অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় দমদমিয়া বিওপির একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবির আভিযানিক দল দমদমিয়া জামে মসজিদ সংলগ্ন খালে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের প্রাক্কালে একটি হস্তচালিত কাঠের নৌকাসহ ৩৫ বস্তা সার জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ও সার ফেলে দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়।
বিজিবির অধিনায়ক আরও জানান, সীমান্তের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, নিবিড় নজরদারি এবং নিয়মিত আভিযানিক তৎপরতার মাধ্যমে সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে।
তিনি বলেন, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে দমদমিয়া বিওপিতে পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীতে কৃষি অধিদপ্তরের আইনানুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে যথাযথ মূল্য জমা দেওয়ার পর জব্দকৃত সার লাইসেন্সধারী সার ডিলারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনানুগ কার্যক্রম পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
