জসিম উদ্দিন টিপু, টেকনাফ

টেকনাফের হ্নীলা বাসস্টেশনের নিউ জামাল মার্কেট যেন মুহূর্তেই পরিণত হয়েছে আগুনের কুণ্ডে। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের দোকান ও শোরুমগুলোর মালামাল পুড়ে যাচ্ছে। ব্যবসায়ীদের আশঙ্কা, আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন প্রথমে রঙের দোকানে দেখা দেয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মার্কেটের ওয়ালটন ও ভিশনের শোরুমসহ অন্যান্য দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রঙের দোকানের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও শোরুমগুলোর আগুন তখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।

রাত সোয়া ৮টার পর পর্যন্ত মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। ঘন কালো ধোঁয়ায় হ্নীলা বাসস্টেশন এলাকা ছেয়ে যায়।

এদিকে মার্কেটে আগুন লাগার পর কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।