জসিম উদ্দিন টিপু, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি কাঠের তৈরি নৌকাও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহপরীর দ্বীপ ও সাবরাং বিওপির সদস্যরা নাফ নদীতে যৌথ অভিযান চালান। অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় একটি কাঠের তৈরি নৌকাও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ উপজেলার কুলালপাড়া এলাকার মৃত কবির আহমদ ও মাইমুনা আক্তারের ছেলে মো. জামাল হোসেন (৩৮), সাবরাং নয়াপাড়া এলাকার শাহ আলম ও ফাতেমা খাতুনের ছেলে মো. এমরান (২৫) এবং একই এলাকার আবুল হোসেন ও নুরজাহানের ছেলে মো. ইসমাইল (২৪)।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
