নাছির উদ্দিন সোহেল, সিবিএন:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের উদ্যোগে মাসিক সমন্বয় সভা এবং নবগঠিত ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির হলরুমে অনুষ্ঠিত সভায় কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব কার্যক্রম আরও গতিশীল করা, মাঠপর্যায়ের কার্যক্রমে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার এবং মানবিক সেবায় যুব সদস্যদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিট লেভেল অফিসার নাসরিন আকতার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত যুব প্রধান আরমানুল করিম হৃদয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. জামিল ইব্রাহীম, সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান, অ্যাডহক কমিটির সদস্য মো. মোক্তার আহম্মদ, অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও রাসেদুল হক রাসেল। এছাড়াও শতাধিক যুব সদস্য এবং বিভিন্ন উপজেলা-ভিত্তিক টিম লিডার এতে অংশ নেন।

ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. জামিল ইব্রাহীম বলেন, রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও কার্যকর করতে হলে দক্ষ, প্রশিক্ষিত ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবক তৈরি করতে হবে। দুর্যোগের সময় দ্রুত মানুষের কাছে পৌঁছানো এবং সংকট মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান বলেন, কক্সবাজারের মতো দুর্যোগপ্রবণ এলাকায় যুব সদস্যদের প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা পর্যায়ের টিমগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং ইউনিটের সঙ্গে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে মানবিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় যুব সদস্যরা মাঠপর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং মানবিক সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ইউনিট লেভেল অফিসার নাসরিন আকতার বলেন, কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্যোগপ্রবণ এ অঞ্চলে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত মানুষের পাশে দাঁড়াতে যুব সদস্যদের সবসময় প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে কক্সবাজারের যুব সদস্যরা বিভিন্ন দুর্যোগে যেভাবে সাহসিকতা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে সাড়া দিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে রেড ক্রিসেন্টের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভা শেষে কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক এ.টি.এম. নূরুল বশর চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে তাঁর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। এ সময় রেড ক্রিসেন্টের কর্মকর্তা, অ্যাডহক কমিটির সদস্য এবং উপস্থিত যুব সদস্যরা তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব, কর্মকর্তা ও যুব সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর হবে।