এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। গতকাল ২৮ আগস্ট দুপুরে কোনাখালী ইউনিয়নের বটতলী বাজারের দক্ষিণে কোনাখালী এলাকা থেকে জিসানকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তার জিসান চকরিয়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট গভীর রাতে কোনাখালী ইউনিয়নের খাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় একটি বসতঘরের কাঠের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পুরোনো দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, একটি গ্রিল কাটার রেঞ্জ, একটি দামা ও একটি কিরিচ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে তথ্য পাওয়া গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, চকরিয়া এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে চকরিয়া থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ঘটনায় গ্রেপ্তার জিসানের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।