নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে বাধা প্রদান, অশ্লীল ভাষায় গালিগালাজ, জোরপূর্বক হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাফসিন আহমেদ আদনান নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নুর মোহাম্মদ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। সাংবাদিক নুর মোহাম্মদ ‘বাংলা এডিশন’-এর কক্সবাজার জেলা প্রতিনিধি, ‘সিসিএন নিউজ’-এর স্টাফ রিপোর্টার এবং ‘দৈনিক গণসংযোগ’-এর নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
কক্সবাজার সদর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন মহিদ উল্লাহ নামের এক ব্যক্তির কাছ থেকে তথ্য ও বক্তব্য সংগ্রহ করতে যান কয়েকজন সাংবাদিক। এ সময় ওই ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে উত্তর টেকপাড়া এলাকার হাজী আলী আহমদের ছেলে তাফসিন আহমেদ আদনান (২৫) সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন এবং তাদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
একপর্যায়ে আদনান মোবাইল ফোনে তার অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীকে ডেকে আনেন। পরে তারা সংঘবদ্ধ হয়ে সাংবাদিক নুর মোহাম্মদকে হাসপাতালের ভেতর থেকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা করেন এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি বেগতিক দেখে সাংবাদিক নুর মোহাম্মদ তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হলে অভিযুক্ত আদনান ও তার সহযোগীরা সাংবাদিক নুর মোহাম্মদকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক নুর মোহাম্মদ বলেন, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, অভিযুক্ত তাফসিন আহমেদ আদনান উশৃঙ্খল ও উগ্র প্রকৃতির। এ ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।
তিনি ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে বাধা, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে অভিযুক্ত আদনানসহ জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কক্সবাজার সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক নুর মোহাম্মদের দেওয়া অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
