মাহাবুব সিফাত, সিবিএন;

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় পথরোধ করে আটকের চেষ্টার অভিযোগে উখিয়ার এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম রায়হান। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং চলমান এইচএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী।

পরিবার ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের দাবি, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রায়হানসহ উখিয়ার পালংখালী ইউনিয়ন ও আশপাশের এলাকার প্রায় ১৯ থেকে ২০ জন তরুণ মোটরসাইকেলে করে ইনানী সমুদ্রসৈকতে ঘুরতে যান। সেখানে তারা কিছু সময় অবস্থানের পাশাপাশি ফুটবল খেলেন। পরে বিকেলে মোটরসাইকেলে করে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন।

সঙ্গীদের ভাষ্য অনুযায়ী, বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে বাহারছড়ার পাহাড়ি ঢালা এলাকায় পৌঁছালে একদল লোক তাদের পথরোধ করে। এ সময় তাদের আটক করার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে সঙ্গে থাকা প্রায় ১৮ জন তরুণ সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। তবে রায়হানকে সেখানে আটকে রাখা হয়েছে বলে দাবি করেছেন তার সঙ্গে থাকা ব্যক্তিরা।

ঘটনার পর থেকেই রায়হানের কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। একজন এইচএসসি পরীক্ষার্থী হিসেবে রায়হানের হঠাৎ নিখোঁজের ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্বজনদের অভিযোগ, রায়হানকে আটকে রাখার বিষয়ে তার সঙ্গে থাকা তরুণদের বক্তব্যই বর্তমানে প্রধান তথ্যের উৎস। তবে ঘটনাটি এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে।

রায়হানকে কারা, কী কারণে এবং কোথায় নিয়ে গেছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ রায়হানকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়হানের অবস্থান শনাক্ত করে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে রায়হানের নিখোঁজ হওয়ার ঘটনায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি অপহরণ নাকি অন্য কোনো কারণে তিনি নিখোঁজ হয়েছেন, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।

রায়হানের পরিবার ও স্বজনরা তার সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন। কারও কাছে রায়হানের অবস্থান বা ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য থাকলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।