পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়া পৌরসভার পশ্চিমজোন মহিলা দলের সহসভাপতি দিলদার আক্তারের বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের দরজা ও ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল, শিক্ষাগত সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পেকুয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবদুল হামিদ সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দিলদার আক্তারের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক বেলাল উদ্দিন ব্যক্তিগত কাজে পেকুয়া চৌমুহনী এলাকায় যান। এর আগের দিন বুধবার সকালে দিলদার আক্তার ও তাঁর ছেলে উজানটিয়া খান বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর সায়েম তুষার চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যান। এই সুযোগে ফাঁকা বাড়িতে চোরের দল হানা দেয়।
বেলাল উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত কাজে বের হওয়ার সময় ঘরে তালা দিয়ে যান। দুপুর আড়াইটার দিকে বাড়িতে ফিরে তিনি রান্নাঘরের দরজা খোলা দেখতে পান। একটি কক্ষের মালামাল এলোমেলো অবস্থায় ছিল। অন্য একটি কক্ষে তালা দেওয়া থাকায় সেটি খুলে দেখেন, আলমারি, ওয়ারড্রপ ও শোকেসের জিনিসপত্র তছনছ করা হয়েছে। এ সময় দেয়ালের একটি ভেন্টিলেটরও ভাঙা দেখতে পান।
পরে মোবাইল ফোনে স্ত্রীকে বিষয়টি জানালে দিলদার আক্তার জানান, আলমারিতে দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭০ হাজার টাকা রাখা ছিল। চোরের দল এসবের পাশাপাশি জমির দলিল এবং ছেলে ওমর সায়েম তুষারের শিক্ষাগত সনদও নিয়ে গেছে।
বেলাল উদ্দিন আরও বলেন, চোরেরা প্রথমে রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। একটি কক্ষে তালা দেওয়া থাকায় বাইরে থেকে ভেন্টিলেটর ভেঙে ওই কক্ষে ঢোকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে এ চুরির ঘটনা ঘটেছে।
শিক্ষক ওমর সায়েম তুষার বলেন, ‘আমার মা চিকিৎসার জন্য চট্টগ্রামে ছিলেন এবং আমিও তাঁর সঙ্গে ছিলাম। বাবা ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার সুযোগে বাড়িতে চুরি হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি আমার শিক্ষাগত সনদ এবং জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ায় আমরা খুবই দুশ্চিন্তায় আছি। বিশেষ করে শিক্ষাগত সনদ ও জমির দলিলগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি যাওয়া মালামাল ও কাগজপত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’
স্থানীয়রা জানান, বেলাল উদ্দিন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর স্ত্রী দিলদার আক্তার পেকুয়া পৌরসভার পশ্চিমজোন মহিলা দলের সহসভাপতি। তাঁদের ছেলে ওমর সায়েম তুষারও শিক্ষক এবং সম্প্রতি বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
দিনদুপুরে একটি রাজনৈতিক সংগঠনের নেত্রীর বাসায় এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধারের দাবি জানিয়েছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি।’
