এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় এক ব্যাংক কর্মকর্তার দীর্ঘ ৬৫ বছরের ভোগদখলীয় জায়গা জবরদখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুইজনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনা এলাকার জহির আহমদের ছেলে মো. আলী হোছাইন ও মৃত আবদুল মজিদের ছেলে মো. মিজানুর রহমানের নেতৃত্বে সশস্ত্র দলবল নিয়ে একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে ব্যাংক কর্মকর্তা বারেক উদ্দিনের দীর্ঘ ৬৫ বছরের ভোগদখলীয় সাড়ে ২৭ শতক বসতভিটার জায়গা জবরদখলের চেষ্টা করা হচ্ছে।

ভুক্তভোগী বারেক উদ্দিনের অভিযোগ, জায়গাটি জবরদখলের চেষ্টা করে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি, হুমকি-ধমকি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

অভিযোগে ব্যাংক কর্মকর্তা বারেক উদ্দিন জানান, চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা মৌজায় তাঁর পিতা মৃত গুরা মিয়া জীবিত থাকা অবস্থায় ১৯৬১ সালের ৪ নভেম্বর রেজিস্ট্রি দলিল নং-২৩৯৩ মূলে সাড়ে ২৭ শতক জমি ক্রয় করেন। আরএস ১৫৬ নম্বর খতিয়ানের আরএস ১৯৩, ১৯৪, ১৩৯০, ১৩৯১, ১৩৯২, ১০৯২ ও ১০৯৩ দাগ এবং বিএস ৬৫০ নম্বর খতিয়ানের বিএস ২৬১৭, ২৬১৬, ২৬২২, ২৬২৫, ২৬২৬, ২৬২৭ ও ২৬৩১ দাগের অন্তর্ভুক্ত বিএস ৩৫১ নম্বর খতিয়ানের সাড়ে ২৭ শতক জায়গা বর্তমানে তিনি ও তাঁর পরিবার ভোগদখল করে আসছেন।

তিনি আরও জানান, ওই জায়গার রেকর্ড সংশোধনের জন্য চকরিয়া সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা নং-১৭২/২০১১ বিচারাধীন রয়েছে। একই সঙ্গে জমি দখল ও হস্তান্তরের বিষয়ে বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন।

তবে ভুক্তভোগীর দাবি, বিবাদীরা আদালতের আদেশ উপেক্ষা করে ওই জায়গা জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাদীর করা সাধারণ ডায়েরির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।