পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় লঞ্চঘাটের পানিতে ডুবে তামজিদ হোসেন তামিম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ফতেয়ালীরমার পাড়া সংলগ্ন লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ওই এলাকার মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের ছেলে। তিনি মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

তামিমের বাবা জসিম উদ্দিন জানান, খেলতে খেলতে তামিম লঞ্চঘাট এলাকায় যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। পরে এক পথচারী তাকে উদ্ধার করেন। স্বজনরা দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লঞ্চঘাট এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।