এম. মনছুর আলম, চকরিয়া:
‘সুস্থ দেহ, সুস্থ মন, মাদকমুক্ত হোক জীবন’ ও ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এ দুটি স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় চতুর্থ দিনের মতো কক্সবাজারের চকরিয়া থানার উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কৈয়ারবিল বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত দুই শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “সমাজ ও রাষ্ট্রের জন্য মাদক একটি ভয়াবহ অভিশাপ। যারা মাদক সেবন করে, তারা কোনো না কোনোভাবে অন্যের প্ররোচনা বা প্রভাবে নেশায় জড়িয়ে পড়ে। পরিবারের দায়িত্ব হলো সন্তান কখন কোথায় যায় এবং কার সঙ্গে চলাফেরা করে, সেদিকে নজর রাখা।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।”
ওসি আরিফুর রহমান বলেন, “বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদকমুক্ত চকরিয়া গড়তে সবার আন্তরিক সহযোগিতা কাম্য।”
