নিজস্ব প্রতিবেদক:
পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নবিরোধিতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কলাতলী সৈকতপাড়ের সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত চলমান সড়ক নির্মাণের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রেক্ষাপটে এবং সার্বিক পর্যটন উন্নয়ন ও পরিবেশ রক্ষার দাবিতে সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি সিআইপি আব্দু শুক্কুর, কক্সবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আকতার হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন আযাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, পর্যটন উদ্যোক্তা মুফিজুর রহমান মুফিজ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম আর খোকন, মেরিন ড্রাইভ সড়ক হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট জসীমউদ্দীন, স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর, টুয়াকের সভাপতি আনোয়ার কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরওয়ার রোমন, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মুহাম্মদ আলী, সহসভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, চেম্বার নেতা আজমল হুদা, হোটেল-মোটেল-গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আওলাদ হোসেন, প্রকৌশলী সাহেদ সালাউদ্দিন, পর্যটন উদ্যোক্তা মো. আব্দুল্লাহ, জাহেদুল ইসলাম রিটন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন রিপন, সাবেক সিনিয়র সহসভাপতি সাইফুর রহমান নয়ন, সাংবাদিক শামসুল হক শারেক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হাশিম, সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, জুলাইযোদ্ধা রবিউল হোসেন, আলমগীর চৌধুরী, পর্যটন উদ্যোক্তা মিজানুর রহমান মিল্কি, আলী আকবর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু এবং কক্সবাজার দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাব উদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহসভাপতি ও পর্যটন উদ্যোক্তা এম আর মাহবুব।
সমাবেশে বক্তারা বলেন, পর্যটন শিল্প কক্সবাজারের উন্নয়নের অন্যতম প্রধান অঙ্গ। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ পর্যটন শিল্পের যথাযথ উন্নয়ন হয়নি। নেতৃত্বের ঘাটতি এবং একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র ও বাধার কারণে তা সম্ভব হয়নি। এরই অংশ হিসেবে বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত নির্মাণাধীন সৈকত সড়কের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছে একই চক্র।
বক্তারা অভিযোগ করেন, কয়েকজন কথিত পরিবেশবাদী এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তবে এই সড়কের বিরোধিতার প্রশ্নে সাধারণ কক্সবাজারবাসী কোনো আপস করবে না। কারণ, সড়কটি নির্মিত হলে কক্সবাজারের অসহনীয় যানজট কমার পাশাপাশি সৌন্দর্যবর্ধন হবে এবং পুরো পর্যটন শিল্পের চিত্র পাল্টে যাবে।
বক্তারা আরও বলেন, “আমরা সাধারণ কক্সবাজারবাসী পরিবেশবিরোধী নই। কিন্তু পরিবেশ রক্ষার দোহাই দিয়ে উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করা যাবে না। যারা উন্নয়ন বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
কক্সবাজারের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বক্তারা বলেন, “কক্সবাজারের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পর্যটন শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে কক্সবাজারের পর্যটন আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে কক্সবাজারের উন্নয়ন ত্বরান্বিত করা এবং উন্নয়নবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।

